সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটিতে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন হজের মূল আনুষ্ঠানিকতা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারিত হলো। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জিলহজের ৯ তারিখ অর্থাৎ পবিত্র আরাফাতের দিন পালিত হবে আগামী মঙ্গলবার (২৬ মে)। এর পরদিন বুধবার (২৭ মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
এরই মধ্যে কয়েকটি দেশও ঈদুল আজহার সরকারি তারিখ ঘোষণা করেছে। রোববার সন্ধ্যায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশেও ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।
তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং বুধবার (২৭ মে) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
অন্যদিকে তুরস্কে চাঁদ দেখার পরিবর্তে ক্যালেন্ডারভিত্তিক হিসাব অনুসরণ করা হয়। দেশটিও জানিয়েছে, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি কর্মীরা ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। দেশটিতে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি (শনিবার ও রোববার) মিলিয়ে সরকারি কর্মীরা মোট নয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবেন। তারা কর্মস্থলে ফিরবেন আগামী ১ জুন।
এছাড়া শারজাহতে সরকারি অফিসগুলো চার দিন কর্মদিবস এবং তিন দিন সাপ্তাহিক ছুটির ভিত্তিতে পরিচালিত হওয়ায় সেখানে সরকারি কর্মী ও শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন।