বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত কি আবারও অসুস্থ হয়েছেন। এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বলিউডের সর্বত্র। কারণ তিনি দেশ ছেড়ে আমেরিকায় চিকিৎসকের শরনাপন্ন হওয়ার কারণেই এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও বিষয়টি নিয়ে সঞ্জয় এখনও মুখ খুলেননি।
তবে এই নায়কের জীবনে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। ২০২০ সালের আগস্ট মাসে তার স্টেজ-৪ ফুসফুসের ক্যানসার ধরা পড়েছিল। তবে এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে দেশের সেরা ক্যানসার বিশেষজ্ঞদের অধীনে তার চিকিৎসা শুরু হয়। সফল ও কঠোর চিকিৎসা শেষে সেই বছরের অক্টোবরেই ক্যানসার-মুক্ত হন এই অভিনেতা।
ক্যানসার জয়ের পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি বছর আমেরিকায় যান সঞ্জয় দত্ত। বলিপাড়ার অন্দরের গুঞ্জন, গত সপ্তাহেও তিনি একাই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে তার ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে রয়েছেন তিনি। প্রথমবার নিউ ইয়র্কের চিকিৎসকদের পরামর্শ নিলেও, এবার তিনি ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞদেরও মতামত নিয়েছেন বলে জানা গিয়েছে। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সঞ্জুর পুরো আমেরিকা সফরের পরিকল্পনা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। লস অ্যাঞ্জেলেস থেকে তিনি আমেরিকার পূর্ব উপক‚লেও যেতে পারেন। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা নিয়ে এটুকুই বলা যায় যে তিনি সম্পূর্ণ ভালো আছেন। গত কয়েক বছর ধরে রুটিন চেক-আপের জন্য তিনি নিয়মিত আমেরিকায় আসছেন, এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি।’