সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও এবার শোনা যাচ্ছে, প্রেমিকা গৌরির সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যম খবর প্রকােশ করেছে যে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির ও গৌরী। যদিও এ বিষয়ে এখনো কোনো কিছু জানাননি তারা।
খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী আমির ও ৪৭ বছর বয়সী গৌরী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়েটি হবে নিবন্ধনের মাধ্যমে এবং অনুষ্ঠানটি আয়োজন করা হবে আমির খানের নিজ বাসভবনে।
২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজের জীবনে গৌরীর গুরুত্ব নিয়ে কথা বলেছেন।
এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমরা সম্পর্কে আছি। ও খুব ভালো মানুষ। ওর সঙ্গে থাকলে আমি শান্তি পাই। যদিও কিরণ আর রিনার সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেটা টেকেনি। এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা আশীর্বাদের মতো। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয় এত দিনে আমি পরিপূর্ণ হয়েছি।’
বলা দরকার, গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে, যার নাম কুইন। তার পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।
তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক নানা অনুষ্ঠানে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।