গত ঈদে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হবে।
রইদ’র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ ও দেশি ইভেন্টস। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।
স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। রইদ এমন একটি চলচ্চিত্র, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা একসঙ্গে বড়পর্দায় চলচ্চিত্রটি উপভোগ করুন।’
দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, ‘রইদ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি চলচ্চিত্র। আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড়পর্দায় নিয়ে আসতে পারছি।’
জানা যায়, ৫ জুন থেকে সিডনি ও মেলবোর্নে রইদ’র প্রদর্শনী শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় সিনেমাটি প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে রইদ। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে দর্শকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।