আবারও ঢাকার দর্শকদের গান শোনাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন অনুপম।
আগামী ২৬ জুন ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ কনসার্ট হওয়ার তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টের ঘোষণা এলেও এখনও টিকেট বিক্রি শুরু হয়নি। শিগগির টিকেট বিক্রি শুরু হবে বলে জানা গেছে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
২০২৩ সালে এই প্রতিষ্ঠানের আয়োজনেই ‘ম্যাজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টে গেয়েছিলেন অনুপম। এর আগেও ঢাকায় বেশ কয়েকবার কনসার্ট করেছেন তিনি৷
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ গেয়ে আলোচিত হন অনুপম রায়। এরপর একের পর এক গান গেয়ে প্রশংসিত তিনি।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন বাঙালি এই শিল্পী।