বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত আলোচিত সিনেমা ‘পেদ্দি’। সিনেমাটিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন রাম চরণ।
সিনেমার শুটিংয়ের সময় কিছু শট নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী। সম্প্রতি তার ব্যক্তিগত চ্যাটের কিছু স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।
ফাঁস হওয়া চ্যাটে এক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন জাহ্নবী কাপুর। এ কথোপকথনে অভিনেত্রী দাবি করেন, সিনেমাটিতে তার চরিত্রের চেয়ে শরীরকে বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। শুটিংয়ের সময়ই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি।
জাহ্নবী কাপুর নির্মাতাদের স্পষ্টভাবে বলেছিলেন, তার শরীরের নির্দিষ্ট অংশকে যেন আলাদাভাবে ফোকাস না করা হয়। তার সহশিল্পী রাম চরণও এ বিষয়ে তাকে সমর্থন করেছিলেন এবং চিত্রগ্রাহককে এ ধরনের শট না নেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।
বিষয়টি শুধু একটি সিনেমার নয়; দক্ষিণী চলচ্চিত্রে এ ধরনের উপস্থাপনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তবে তিনি রাম চরণের প্রশংসা করে তাকে অত্যন্ত সহযোগিতাপরায়ণ ও ইতিবাচক মানুষ বলেও উল্লেখ করেছেন।
আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ।