বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে বেনজীরের কাছ থেকে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরে সরগরম সামাজিক মাধ্যম। বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। ফারুকীও বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন।
রোববার (১৪ জুন) নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজির দুবাইতে গ্রেপ্তার। ভিকটিম পরিবারগুলা এবং গোটা বাংলাদেশের জন্য এটা বড় খবর। এখন অপেক্ষা বিচার পাওয়ার। ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ বিচার। শুধু জুলাই গণহত্যা না, ষোলো বছরের অপকর্মের বিচার!’
তিনি আরও লেখেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তার কাছ থেকেই। ক্রাইম থ্রিলার যারা বানাতে চান তারা চোখ রাখতে পারেন!’
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (১৪ জুন) বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।