ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের কলেজছাত্র আশরাফুল আলম রবিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
রোববার (১৪ জুন) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে রবিন হত্যার বিচার দাবিতে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় একমাত্র ছেলেকে হত্যার বিচার চাইতে এসে কান্নায় ভেঙে পড়েন বাবা মোফাজ্জল হোসেন ও মা শান্তা বেগম। তাদের কান্না দেখে রবিনের বন্ধু-বান্ধব, স্বজন ও স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে মানবন্ধনে নিহতের বড় বোন ফাতেমা আক্তার ঝিনুক, সাবেক পৌর কাউন্সিল আলাল উদ্দিন সুলতান, সরকারি কলেজের ছাত্রী ইমিসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা রবিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এর আগে গত সোমবার (৮ জুন) ছিল রবিনের জন্মদিন। ওইদিন বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন শেষে রাতে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন রবিন। মোটরসাইকেলটি মাজারবাড়ি রোডে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটিয়ে তার পথরোধ করে। এ সময় তারা রবিনকে রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।