আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে মজার ছলে দেওয়া সেই ঘোষণার পর অসংখ্য বিয়ের প্রস্তাব পেয়ে বেশ বিপাকেই পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ চলাকালে পরীমণি সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ে করবেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হঠাৎ করেই বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টিকে এত সিরিয়াসভাবে নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না—কী করব।’
তবে বিয়ের বিষয়ে আপাতত কোনো তাড়াহুড়া নেই বলেও জানিয়েছেন তিনি। পরীমণির ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ওর বিয়ে হোক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
তার এই বক্তব্যে স্পষ্ট, আর্জেন্টিনা শিরোপা জিতলেও তাৎক্ষণিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা পরীমণির একাধিক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা এর আগেও শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছে।
সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে এক পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছেলে পুণ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি।