হাতে আঘাত পেয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আঘাতের কারণে তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী শর্বরী মুখার্জি। এ সময় তারা অভিনেতার সঙ্গে কথা বলেন ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
হাসপাতালে মিঠুনের সঙ্গে দেখা করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মিঠুন চক্রবর্তীকে প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা হিসেবে উল্লেখ করে তার দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পর মিঠুন বর্তমানে সুস্থ আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। আপাতত তার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো উদ্বেগের কারণ নেই।
তবে ঠিক কীভাবে মিঠুন চক্রবর্তীর হাতে আঘাত লেগেছে, কিংবা শুটিংয়ের সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো থাকায় স্বস্তি ফিরেছে।