দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গত শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হোন স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে।
শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এদিন মঞ্চে সম্মাননা গ্রহণ করেন মোশাররফ ও জুঁই দুজনেই। এসময় মঞ্চে দাঁড়িয়ে মোশাররফ করিম বলেন, ‘সমাজের সবাই অভিনেতা হবেন, ছবি আঁকবেন, গাইবেন, নাচবেন—সেটা হয় না। সুস্থ সংস্কৃতির বিকাশে সেটার দরকারও নেই। সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য মূলত দরকার শিল্পবোধসম্পন্ন মানুষ। সে মানুষটি শিল্পীও হতে পারেন, সাধারণ পেশাজীবীও হতে পারেন।’
তিনি বলেন আরও, ‘আমি বিশ্বাস করি শিল্পবোধসম্পন্ন মানুষ সুন্দরকে ভালোবাসে। সে কখনো ধ্বংসের পক্ষে থাকে না। সোজা কথায়, শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ। এই মানুষগুলোর সংখ্যা আমাদের সমাজে ও রাষ্ট্রে বাড়াতে হবে।’