বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল বোরবার (২১ ডিসেম্বর) থেকে অনুষ্ঠান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পূর্ব নির্ধারিত সব অনুষ্ঠান, প্রদর্শনী চলবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. মাহমুদল হক জিহাদ খবরটি নিশ্চিত করেছেন।
শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ (শনিবার) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এমন ঘোষণা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা হয়।
অনুষ্ঠান স্থগিত হওয়া প্রসঙ্গে জনসংযোগ দপ্তর থেকে আরও জানানো হয়, কয়েকটি গণমাধ্যম এবং বিভিন্ন ফেসবুক পেজে শিল্পকলার ঘোষণাটি ভুলভাবে প্রচারিত হয়েছে। বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দৃষ্টিগোচর হয়েছে। শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ বিষয়টিকে অনাকাঙ্খিত এবং দুঃখজনক মনে করছে।