ভূতের গল্প শুনতে ভালো লাগে, ভৌতিক সিনেমাও আগ্রহ নিয়ে দেখেন, ভূতের দেখা না পেলেও ভূতকে ভয় পান—ব্যক্তিজীবনে ভূত নিয়ে এমন অভিজ্ঞতার কারণেই হয়ত ভৌতিক সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
অরিত্র মুখার্জির পরিচালনায় ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নামের সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মিমিকে। এখানে তিনি একজন আইনজীবির চরিত্রে অভিনয় করছেন।
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মিমি বলেন, ‘ছোটবেলায় দাদির কাছে ভূতের গল্প শুনতাম। বড় হওয়ার পর ভূতের ছবি দেখেছি। এ নিয়ে আমার আগ্রহ অনেক। তাই এ ধরনের গল্পের সিনেমায় অভিনয় খুব আগ্রহ নিয়েই করছি।’
সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছেন জিনিয়া সেন। এ সিনেমায় গ্ল্যামারের মাধ্যমেই দর্শকের সামনে আসছেন মিমি—এমন ধারণাই দিয়েছেন কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে। এখন মিমি-ভক্তরা সিনেমাটি নিয়ে আশাবাদী হতেই পারেন।