আবারও মঞ্চস্থ হচ্ছে দর্শ কপ্রিয় নাটক ‘ ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চে আসছে দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত একক নাটক ‘ভাসানে উজান’। নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনায় এটি হতে যাচ্ছে নাটকটির চতুর্থ প্রদর্শনী। এটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটিতে একক অভিনয় করেছেন এরশাদ হাসান।
নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, দস্তয়ভস্কির গল্পের মনস্তত্ত্ব, অপূর্বদার সংবেদনশীল নাট্যরূপ এবং এরশাদ হাসানের শক্তিশালী একক উপস্থিতি-এই তিনের সমন্বয়ে ‘ভাসানে উজান’ আমাদের জন্য এক চ্যালেঞ্জিং ছিল। আমরা সেই চ্যালেঞ্জকে সফলতার সাথে জয় করেছি।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রী সেন। সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক। উল্লেখ্য, নাটকটি ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি নাট্যোৎসবের আমন্ত্রণ পেয়েছে।