বহু কালজয়ী গানের স্রষ্টা প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ আর নেই। তিনি নজরুল ইসলাম বাবু কথায় ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানটির সুর করেছিলেন। গানটি মলয় কুমারসহ তিন শিল্পীর কণ্ঠে স্থান পেয়েছিল।
তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও রোমান্টিক গানের সুরকার ছিলেন।
‘জীবনানন্দ হয়ে, সংসারে আজও আমি’, ‘আশা ছিল মনে মনে’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’, ‘এক ফোঁটা বিষ আজ’, ‘আমি আর কার চোখ দিয়ে দেখব’, ‘চাঁদের পালকি চড়ে’, ‘এক নয়নে হয়না কান্দন’সহ বহু বিখ্যাত গানের স্রষ্টা তিনি।
বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক (সংগীত) এবং বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ গুরুতর অসুস্থ অবস্থায় কানাডায় মন্টিয়ালের রয়াল ভিক্টোরিয়া হসপিটালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই কিংবদন্তি সুরকার সুরের জাদুতে অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করে সুরের আকাশে শুকতারা হিসেবে অমর হয়ে থাকবেন। তার মৃত্যুতে বাংলা সংগীতে এক অপূরণীয় ক্ষতি হলো।