শোবিজে সজল ও সারিকার কর্মকাণ্ড প্রায় একই রকমের। দুজনেই মডেলিং দিয়ে শোবিজে আলোচনায় আসেন। তারপর অভিনয়ে দ্যুতি ছড়ান। অনুষ্ঠান উপস্থাপনাতেও রয়েছে এই দুই তারকার সাবলীল অভিজ্ঞতা।
সজল ও সারিকা এবার নতুন ভূমিকায় আসছেন সবার সামনে। স্বামী-স্ত্রী হিসেবে দর্শক দেখবেন শিগগিরই। তবে বাস্তবে নয়, টেলিভিশনের পর্দায়। নাটক কিংবা সিনেমা নয়, একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে তাদের এভাবে দেখা যাবে।
ভালোবাসা দিবসে প্রচারিতব্য ম্যাগাজিন অনুষ্ঠানটির নাম ‘পাঁচফোড়ন’। এটি আগামী ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
অনুষ্ঠানটি নির্মিত হয়েছে ফাগুণ অডিও ভিশন থেকে। সজল ও সারিকা নাটকের জনপ্রিয় জুটি ছিলো এক সময়। তখন অভিনয়ের প্রয়োজনে তাদের অনেকবার প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর ভ‚মিকায় দেখা গেছে।
দীর্ঘ বিরতি পেরিয়ে তাদের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে টিভিতে, যা দর্শকের জন্য বাড়তি বিনোদন হিসেবে বিবেচিত হচ্ছে।
সারিকা বর্তমানে অভিনয়ে কম কাজ করলেও সজল এখন সিনেমায় বেশী অভিনয় করছেন।