রোজায় ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। আর লেনদেন চলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত, তবে রোজার মাসে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, যোহরের নামাজের জন্য নির্ধারিত বিরতির সময়েও প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। এতে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন না ঘটার বিষয়টি নিশ্চিত করা হবে।
রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বের নিয়মে ফিরে যাবে বলেও জানানো হয়।