সোলস ব্যান্ডদলের প্রধান গায়ক পার্থ বড়ুয়া স্টেজে নিয়মিত গান করেন। বেশ কিছুদিন ধরে তার নতুন কোনো গান প্রকাশ হচ্ছিল না। পার্থ বড়ুয়াও নতুন গান প্রকাশ হওয়ার পরিকল্পনার কথা শুনিয়েছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ করলেন ‘মুখোশ’ শিরোনামের একটি নতুন গান। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গীতিকবি রানার লেখা ‘মুখোশ’ গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী পার্থ নিজে। প্রযোজনা করেছেন অভিক।
পার্থ বড়ুয়ার একক অ্যালবাম ‘মুখোশ’-এর ঘোষণা এসেছিল ছয় বছর আগে। ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’ শিরোনামে দুটি গানও প্রকাশ পেয়েছে। এরপর গত কয়েক বছরে এই অ্যালবামের আর কোনো গানের প্রকাশনা চোখে পড়েনি। ব্যান্ড সোলসের পাঁচ দশক পূর্তির ধারাবাহিক আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে পার্থ বড়ুয়াকে। দীর্ঘ বিরতির পর এলো ‘মুখোশ’ অ্যালবামের গান।
এই গান প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘মুখোশ’ গানে আমাদের ভেতর ও বাইরের দিকটি উন্মোচন করার চেষ্টা করা হয়েছে। জানানো হয়েছে, আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি। আমাদের ভেতরে রূপ এক, বাইরে আরেক। সাধারণত ব্যান্ডে আমরা যে ধরনের গান করে থাকি, এটি তা থেকে অনেকে আলাদা। তাই বাণিজ্যিক ভাবনাকে দূরে রেখেই ‘মুখোশ’ অ্যালবামের আয়োজন। আশা করছি, এই গানসহ অ্যালবামের সব গানই শ্রোতার মনে ছাপ ফেলবে।