লালচে আভা, রুক্ষ ভাব। মুখে ঘন দাড়ি-গোঁফ। দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা! বুক খোলা জিনসের জ্যাকেটের ভিতর থেকে ফুলছাপ শার্টের উকিঝুঁকি। বাইকে চেপে বৌবাজারের মাধো ভবনের বাইরে পা রাখতেই পথচারিদের চোখ কপালে।
কলকাতার রাস্তায় শাকিব খান। শহর জুড়ে যেন শাকিবের মৌসুম। নায়কের পিছনে ক্যামেরা ছুটছে। কখনও তিনি অ্যাকশন দৃশ্যে। কখনও বাইকে চেপে স্টান্ট দিচ্ছেন। তাকে ঘিরে আছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। শ্রীলঙ্কায় শুটিংয়ের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতায় নীরবে শুটিং চলছে পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’র। হাওড়া, বৌ বাজার, আলিপুর জেল হয়ে ভারতলক্ষী স্টুডিওর সর্বত্র শাকিব খানের গতিবিধি। জানা গেছে, কলকাতার শুটিং শেষে সিনেমাটির ইউনিট যাবে হায়দারাবাদে।
শোনা যাচ্ছে, নব্বই দশকের ঢাকার ত্রাস শীর্ষ সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’-এর চরিত্রে এই সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। একজন ভালো মানুষ কিভাবে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠে তাই দেখা যাবে চরিত্রটির মাধ্যমে। । অ্যাকশন আর রোম্যান্সে ভরপুর ‘ প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’ সিনেমা আগামী ঈদে মুক্তির কথা রয়েছে।