জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩ মে) আবহাওয়া অধিদপ্তরের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, জুন মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের সব এলাকায় বিস্তার লাভ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, জুন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি বিচ্ছিন্ন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসব তাপপ্রবাহ মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের হতে পারে।
এদিকে, জুন মাসে বাংলাদেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়।