দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দুপুর ১টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়।