টানা ভারিবৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে এখন বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি কমে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাইবো)।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.০৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২.১৫ মিটার)।
এর আগে, গত কয়েকদিন পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার আবারও বাড়তে শুরু করে তিস্তার পানি। ওইদিন সন্ধ্যা ৬টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচে ছিল। তবে রাত ৯টায় তা বিপৎসীমা ছাড়িয়ে তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। রাত ৯টার তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা ছিল ৫২.১৮ মিটার।
পানি বাড়ায় চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আবারও বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। স্থানীয়রা জানিয়েছিলেন, গত কয়েকদিন পানি কিছুটা কমায় তারা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে পানি আবার বিপৎসীমা অতিক্রম করায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে এবার পানি কমায় আবারও জনমনে আবারও কিছুটা স্বস্তি ফিরেছে।