বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সোমবার (২৭ জুলাই) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হতে পারে। তবে এর বড় কোনো প্রভাব বাংলাদেশে নাও পড়তে পারে। ভারি বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো স্থানে। তবে অতিভারি বৃষ্টির সম্ভাবনা কম।
সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে গভীর নিম্নচাপের কথা জানায়। সেখানে বলা হয়, এ নিম্নচাপ আজ সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে এ নিম্নচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দিয়েছে অধিদপ্তর। দেশের নৌ বন্দরগুলোকেও এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
চলতি মাসের ৫ তারিখ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়। রাজধানী ও চট্টগ্রামে বৃষ্টিতে দুই নগরীর অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে দেশের অন্তত নয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক জেলায় বৃষ্টিতে ফসলহানিও হয়।
গভীর নিম্নচাপের কিছু প্রভাব পড়লেও এবার বৃষ্টি খুব বেশি নাও হতে পারে বলে জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি জানান, দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অতিভারি বৃষ্টি নাও হতে পারে।
যদি কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারি বৃষ্টি বলে আর এর চেয়ে বেশি হলে তা অতিভারি বৃষ্টি বলে ধরা হয়।
বুধবার থেকে বৃষ্টি বেশি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর সূত্র। এ বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।