টাঙ্গাইলে ছাত্রনেতা বাপ্পী হত্যা মামলার সাক্ষীকে আদালত প্রাঙ্গণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাক্ষী মো. ইকবাল হোসেন টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, বুধবার (২৩ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে আমিনুর রহমান খান বাপ্পী হত্যা মামলায় সাক্ষ্য দিতে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন। এ সময় মামলার আসামি মুরাদ সিদ্দিকী (৬৫) তাকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।
ইকবাল হোসেনের অভিযোগ, তিনি এতে সম্মত না হলে মুরাদ সিদ্দিকী তাকে হত্যার হুমকি দেন। পরে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
উল্লেখ্য অভিযুক্ত মুরাদ সিদ্দিকী আওয়ামীলীগের সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী বীর উত্তমের ছোট ভাই।