দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
এদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩৭৭ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৩ জন নারী, যা মোট মৃত্যুর ৫৯ শতাংশ। অপরদিকে ১৬ জন পুরুষ, যা মোট মৃত্যুর ৪১ শতাংশ।
এ পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ছয়জন, সিটি করপোরেশনের বাইরে একজন, ময়মনসিংহ ও খুলনা বিভাগে পাঁচজন করে, চট্টগ্রামে চারজন, বরিশালে তিনজন এবং রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।