নতুন জায়গা দেখা আর নতুন অভিজ্ঞতা নেওয়া খুবই আনন্দের। দেশের বাইরে গেলে কিংবা দেশের মধ্যেই কোনো সুন্দর রিসোর্ট, হোটেল কিংবা এয়ারবিএনবিতে উঠলে আমাদের প্রথম চিন্তা থাকে- রুমটা কেমন, ভিউটা সুন্দর কি না, বিছানা আরামদায়ক কি না, ওয়াইফাইয়ের স্পিড কেমন!
কিন্তু এই তালিকায় আরেকটি বিষয় যোগ করা খুব প্রয়োজন, রুমটি নিরাপদ তো? কারণ প্রযুক্তির এই যুগে একটি ছোট্ট ক্যামেরা, যেটি দেখতে হয়তো একটি চার্জার, ঘড়ি কিংবা সাধারণ কোনো ডিভাইসের মতো, সেটিই হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ। আপনার ব্যক্তিগত মুহূর্ত, পরিবারের সঙ্গে কাটানো সময় কিংবা একান্ত ব্যক্তিগত কোনো দৃশ্য আপনার অজান্তেই কেউ রেকর্ড করে রাখতে পারে। একজন মানুষ হয়তো ২০ থেকে ৩০ বছর ধরে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন, সমাজে সম্মান অর্জন করেছেন, ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। কিন্তু একটি গোপন ভিডিও কয়েক মিনিটের মধ্যে সেই সব অর্জনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে হোটেল, এয়ারবিএনবি, রিসোর্ট, ট্রায়াল রুম এমনকি পাবলিক ওয়াশরুমেও গোপন ক্যামেরা পাওয়ার ঘটনা ঘটেছে। প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, অপরাধীদের কৌশলও তত পরিবর্তন হচ্ছে। তাই ভয় পাওয়ার দরকার নেই, তবে সচেতন হওয়া জরুরি।
হোটেল বা ভাড়া করা রুমে ঢোকার পর কিছু সহজ অভ্যাস আপনাকে অনেক ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।
১. রুমে ঢুকেই গোয়েন্দা হয়ে যান
না, আপনাকে শার্লক হোমস হতে হবে না! শুধু একটু চোখ-কান খোলা রাখলেই হবে। হোটেল রুমে ঢুকে প্রথমেই কয়েক মিনিট সময় নিয়ে চারপাশ দেখুন। কোনো অস্বাভাবিক জিনিস চোখে পড়ছে কি না খেয়াল করুন, যেমন— এমন কোনো ডিভাইস আছে কি, যা সাধারণত থাকার কথা নয়; কোনো বস্তু কি অদ্ভুতভাবে আপনার বিছানা বা বাথরুমের দিকে তাক করা; দেয়ালে ছোট কোনো ছিদ্র আছে কি।
২. অপ্রয়োজনীয় জিনিসকে সন্দেহের চোখে দেখুন
গোপন ক্যামেরার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকতে পারে। যেমন—মোবাইল চার্জার, ঘড়ি, কলম, স্মোক ডিটেক্টর, টিস্যু বক্স, ওয়াইফাই রাউটার, বাল্ব ইত্যাদির মধ্যেও ক্যামেরা থাকতে পারে।
৩. বিছানা ও বাথরুমের জায়গা ভালোভাবে দেখুন
গোপন ক্যামেরা সাধারণত এমন জায়গায় বসানো হয়, যেখান থেকে ব্যক্তিগত মুহূর্ত দেখা সম্ভব। তাই বিশেষভাবে খেয়াল করুন, যেমন বিছানার সামনে, ড্রেসিং টেবিল, আয়না, বাথরুমের শাওয়ার এলাকা, তোয়ালে রাখার জায়গা, কাপড় ঝোলানোর হুক ইত্যাদি। তবে বিশেষ করে বাথরুমে ঢোকার আগে একটু সতর্ক হওয়া ভালো।
৪. আলো বন্ধ করে মোবাইল দিয়ে পরীক্ষা করুন
অনেক ক্যামেরা অন্ধকারেও কাজ করার জন্য ইনফ্রারেড আলো ব্যবহার করে। রুমের আলো বন্ধ করে মোবাইলের ক্যামেরা দিয়ে সন্দেহজনক জায়গাগুলো দেখুন। কোনো অস্বাভাবিক আলো বা আলোর প্রতিবিম্ব দেখা গেলে বিষয়টি পরীক্ষা করুন। তবে মনে রাখতে হবে, সব ক্যামেরা এভাবে ধরা পড়ে না। তাই এটিকে একমাত্র পদ্ধতি হিসেবে ধরে নেওয়া ঠিক নয়।
৫. আয়নার বিষয়ে একটু সতর্ক থাকুন
হোটেল রুমে আয়না থাকা স্বাভাবিক। তবে আয়নাটি অস্বাভাবিক মনে হলে পরীক্ষা করে দেখুন এবং খেয়াল করুন- আয়নার চারপাশে কোনো অস্বাভাবিক অংশ আছে কি না, পেছনে কোনো জায়গা বা ডিভাইস দেখা যায় কি না অথবা কোনো ছোট ছিদ্র আছে কি না। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, শুধু সচেতন থাকাই যথেষ্ট।
৬. এয়ারবিএনবি বা ভাড়া করা বাসায় বাড়তি সতর্কতা নিন
বর্তমানে অনেকেই এয়ারবিএনবি বা স্বল্পমেয়াদি ভাড়া করা বাসায় থাকেন। এগুলো কমফোর্টেবল হলেও নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। অবশ্যই বুকিংয়ের আগে রিভিউ পড়ুন, হোস্ট সম্পর্কে জানুন, আগের অতিথিদের অভিজ্ঞতা দেখুন।
৭. ট্রায়াল রুমেও সচেতন থাকুন
শপিং মলে পোশাক পরিবর্তনের সময়ও সতর্ক থাকা ভালো। ট্রায়াল রুমে ঢুকে মনে করে আয়নাটা লক্ষ্য করে দেখুন, দেয়াল চেক করুন, অপ্রয়োজনীয় কোনো ডিভাইস আছে কি না দেখুন। কোনো সন্দেহ হলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান।
৮. নিজের ব্যক্তিগত নিরাপত্তাকে গুরুত্ব দিন
সবচেয়ে বড় বিষয় হলো সচেতন থাকা। নতুন জায়গায় গেলে, নিজের চারপাশ লক্ষ্য করুন, ব্যক্তিগত মুহূর্তের আগে পরিবেশ নিশ্চিত করুন, অপরিচিত জায়গায় অতিরিক্ত বিশ্বাস করবেন না। সচেতনতাই অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।
ভ্রমণ আমাদের আনন্দের জন্য, ভয় পাওয়ার জন্য নয়। হোটেলে উঠেছেন মানেই সবাইকে সন্দেহ করতে হবে, এমন নয়। তবে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতেই রাখতে হবে। আজকের প্রযুক্তির যুগে অপরাধীরা ছোট ক্যামেরা দিয়ে বড় ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই একটু সময় নিয়ে রুম পরীক্ষা করা, অস্বাভাবিক কিছু দেখলে হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন। এগুলো কোনো বাড়তি ঝামেলা নয়, বরং নিজের প্রতি দায়িত্ব। একটি ছোট ক্যামেরা আর কয়েক মিনিটের একটি ভিডিও কখনো কখনো আপনার বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্মান কিংবা ক্যারিয়ারকে বড় ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই পরের বার হোটেল রুমে ঢুকে শুধু বিছানার আরাম দেখবেন না, চারপাশটাও একবার দেখে নিন। কয়েক মিনিটের সতর্কতা হয়তো আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে।