বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রস্তুতিতে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। প্রশিক্ষণ সরঞ্জাম চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। তবে দ্রুত অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সরঞ্জামই উদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জ্যাকসন কাউন্টি কর্তৃপক্ষ জানায়, টেক্সাসের সান আন্তোনিওর বাসিন্দা মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি হওয়া মালামাল গ্রহণের অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে।
চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ১৮ হাজার ডলার। এর মধ্যে ছিল নয় জোড়া ফুটবল বুট, গোলরক্ষকদের গ্লাভস, বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, প্রশিক্ষণ সামগ্রী, ইলেকট্রনিক ডিভাইস, স্বাক্ষরযুক্ত ইংল্যান্ড জার্সি এবং আরও কিছু মূল্যবান সরঞ্জাম।
কর্তৃপক্ষ জানিয়েছে, সব সরঞ্জামই উদ্ধার করা হয়েছে এবং ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি। জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে আগত আন্তর্জাতিক দল ও দর্শনার্থীদের লক্ষ্য করে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না।’
ইংল্যান্ড দল ফ্লোরিডার অনুশীলন ক্যাম্প থেকে কানসাস সিটিতে পৌঁছানোর আগেই এই ঘটনা ঘটে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে সরঞ্জাম উদ্ধার করা হয়।
ইংল্যান্ড তাদের বিশ্বকাপ বেসক্যাম্প হিসেবে বেছে নিয়েছে কানসাস সিটিকে। যদিও গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে খেলবে না দলটি। ভৌগোলিক সুবিধা ও সহজ যাতায়াতের কারণে এই শহরকে ঘাঁটি হিসেবে নির্বাচন করেছে থ্রি লায়ন্সরা।
আগামী বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড, প্রতিপক্ষ সেই পুরোনো ক্রোয়েশিয়া। এরপর গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।