প্রযুক্তির বৈশ্বিক মঞ্চে আবারও ঝিলিক দিয়ে উঠল লাল-সবুজের মেধা। নিউজিল্যান্ডের অকল্যান্ডে 'ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার' বা তারবিহীন বিদ্যুৎ সঞ্চালন গবেষণায় অভাবনীয় সাফল্য দেখিয়েছেন দুই বাংলাদেশি গবেষক ড. সাইদুল আলম চৌধুরী এবং ইউশা আরাফ। কেবল গবেষণাগারে সীমাবদ্ধ না থেকে তারা শুরু করেছেন বাণিজ্যিক পথচলা—প্রতিষ্ঠা করেছেন নিউজিল্যান্ডে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ওয়্যারলেস পাওয়ার কোম্পানি 'রিজোলিংক'।
এক বছরের বেশি সময় ধরে ড. সাইদুল আলম চৌধুরী 'স্মার্ট পাওয়ার বক্স' নামের একটি ওয়্যারলেস চার্জিং ডিভাইস নিয়ে কাজ করছেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করে বিশ্বমঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর প্রাক্তন শিক্ষার্থী তরুণ গবেষক ইউশা আরাফ বর্তমানে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করছেন। এই দুই মেধাবীর হাত ধরেই জন্ম নিয়েছে 'রিজোলিংক'।
ইউশা আরাফের ভাষ্যমতে, রিজোলিংকের মূল শক্তি কেবল পণ্য বিক্রি নয়, বরং শিল্প পর্যায়ের জটিল সমস্যার বৈজ্ঞানিক সমাধান ও আরএন্ডডি। তারা এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা বিভিন্ন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির পণ্যের মান সরাসরি উন্নত করছে। এটি মূলত একটি 'টেক সলুশন' হাব, যা ফিউচারিস্টিক পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করে।
নিউজিল্যান্ডের মাটিতে সফল হলেও এই দুই গবেষকের ভাবনায় মিশে আছে বাংলাদেশ। ভবিষ্যতে তারা দেশের চিকিৎসা খাতকে আরও আধুনিক করতে 'স্মার্ট হাসপাতাল', বাসাবাড়িকে করতে 'স্মার্ট হোম' এবং আইওটি ডিভাইস নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন। সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে নিজ দেশের মানুষের জন্য কিছু করার প্রবল ইচ্ছা তাদের এই উদ্যোগকে আরও মহৎ করে তুলেছে।