সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৩৯ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। হাম শনাক্ত হয়ে ঢাকায় মারা গেছে তিন শিশু। আর হাম উপসর্গে বরিশালে দুজন, ঢাকায় দুজন, রাজশাহীতে একটি ও সিলেটে একটি শিশু মারা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪ হাজার ৮৫৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৩ হাজার ৩৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ৯৯১ শিশু।