বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কয়েক ডজন মানুষের প্রাণহানির কারণ হওয়া বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি এ প্রাদুর্ভাবকে এখনো মহামারী হিসেবে ঘোষণা করেনি। খবর বার্তা সংস্থা এএফপির।
জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কঙ্গোয় প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ ও ৮০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি জরুরি অবস্থার মানদণ্ড পূরণ করেনি।
তারা আরও জানায়, এবারের ইবোলা সংক্রমণের জন্য দায়ী বান্ডিবুগিও ভাইরাস। এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই।
সংস্থাটি আরও জানায়, এখন পর্যন্ত পরীক্ষাগারে আটটি সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া এবং স্বর্ণখনি অধ্যুষিত মংগওয়ালু ও রামপোয়ারাসহ তিনটি স্বাস্থ্য অঞ্চলে আরও সন্দেহভাজন সংক্রমণ ও মৃত্যুর ঘটনা পাওয়া গেছে।
এ ছাড়া ভাইরাসটি ইতোমধ্যে কঙ্গোর সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী উগান্ডায় দুইটি সংক্রমণ নিশ্চিত হয়েছে। উগান্ডার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মারা যাওয়া ৫৯ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কঙ্গোর প্রতিবেশী দেশগুলোতে মানুষের চলাচল, বাণিজ্য ও ভ্রমণ বেশি হওয়ায় এসব এলাকায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।