রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে শনিবার (৩০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া যায়নি। তাই আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করা হবে।’
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘জানা গেছে, ঘটনার সময় এসি দুই ঘণ্টা বন্ধ ছিল। রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’
এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার শর্তে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় নবজাতকের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে কলেজ ভবনে একটি বেকারি কারখানা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বেকারি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তরসহ যাবতীয় প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুমতিপত্র হাসপাতাল কর্তৃপক্ষকে এক দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।