স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট সব হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।