নদীভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙনরোধে চলমান জরুরি তীর সংরক্ষণ ও জিওব্যাগ ফেলা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘নদীভাঙন রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভাঙনকবলিত মানুষের পাশে থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, নদীভাঙন রোধে সরকার এবং আমরা আন্তরিকভাবে কাজ করছি। ভাঙনকবলিত মানুষের পাশে আছি। প্রয়োজনীয় সব এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আড়িয়াল খাঁ নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে ব্লক নির্মাণের উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাঁশগাড়ী ইউনিয়নসহ আশপাশের ভাঙনপ্রবণ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে নদীভাঙনের দুর্ভোগ থেকে অনেকটা মুক্তি পাবেন।’
এসময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।