দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে লেবার রুম নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু আহসান মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৬ জুলাই) রাতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরিদর্শন চেকলিস্ট অনুযায়ী লেবার রুম নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে লেবার রুম স্থাপন করা না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের নির্দেশক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে একই দিন সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন করার প্রবণতায় লাগাম টানতে ১১ জুলাইয়ের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। কোনো ক্লিনিক এই নির্দেশনা না মানলে তাদের লাইসেন্স বাতিল করে, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।