কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ২৯ ও ৩০ জুন দুদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের কর্মী, তাদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা দেন।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. জয়জিৎ চৌধুরী ও ডা. আদনান জাওয়াদ।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এটি এন. মোহাম্মদ গ্রুপের তৃতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলোর মাধ্যমে মোট প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এবারের দুদিনব্যাপী ক্যাম্পে কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় চার হাজার মানুষ স্বাস্থ্যসেবার আওতায় এসেছেন বলে আশা করা হচ্ছে।
এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
আরও বলা হয়, মানবিক ও কল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ শুধু কর্মীদের স্বাস্থ্যসেবাই নিশ্চিত করছে না, বরং কর্মী ও পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণও স্থাপন করছে।