রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেলে নেজারত শাখার ডেপুটি কালেক্টর শেখ সালমান এ তথ্য জানান।
তিনি জানান, চলমান বৈরী আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ নয়। বিশেষ করে অনেক শিক্ষার্থীকে পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু থাকায় সেসব বিদ্যালয়ে নিয়মিত পাঠদান পরিচালনা করাও সম্ভব হচ্ছে না।
টানা চতুর্থ দিনের মতো রাঙ্গামাটিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা আরও বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে প্রবল বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। পাহাড়ধসের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে আধা ঘন্টা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৃহস্পতিবারও জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে। এছাড়াও জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।