দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে জানানো হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ ও নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন ও প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি ও নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগী ভর্তি সুবিধা ও স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।