দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৫১ শিশুর শরীরে। রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩৮। এই সময়ে ৮৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৯২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৬৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৪৩১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১৩৭ রোগী, তাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।