দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৮৪ জন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, ময়মনসিংহ বিভাগের ৩৬ জন, চট্টগ্রাম বিভাগের ৭৯ জন, খুলনা বিভাগের ৬৭ জন, রাজশাহী বিভাগের ২২ জন, রংপুর বিভাগের ৩১ জন, বরিশাল বিভাগের ৮১ জন এবং সিলেট বিভাগের দুজন রোগী রয়েছেন।
এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।
উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।