স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, নতুন পাঁচ মৃত্যু নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০৭ জন। এর মধ্যে আগস্টেই সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম দুই দিনে মারা গেছেন আরও ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।
তবে একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৫ হাজার ৪৩৩ জন।
বিভাগভিত্তিক হিসাবেও ঢাকায় রোগীর চাপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৭৫, খুলনায় ১৯০, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১ এবং ময়মনসিংহে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।