বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।
উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ (প্রেসিডেন্টস্ অর্ডার নম্বর ১২৭ অব ১৯৭২) এর ১০(৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
এ ক্ষেত্রে গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। পাশাপাশি এই নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।