হাদি হত্যা
১৪ দিনের রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার (২২ মার্চ) কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে। এর আগে রিমান্ড শেষ হওয়ার পর তাদের শারীরিক পরীক্ষার জন্য প্রথমে তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পরে স্থানীয় আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।