রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ ও নাশকতায় অর্থায়নের অভিযোগে সোমবার (৪ মে) ঢাকার আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বুবলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই তথ্য নিশ্চিত করেছেন। বুবলী নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী।
এর আগে, গত বছরের ২৮ সেপ্টেম্বর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তী সময়ে তেজগাঁও থানার অন্য একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
গত ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার এসআই মো. শরিফুল ইসলাম বুবলীকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত আজ আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিলেন।
২০২৫ সালের ৭ সেপ্টেম্বর মনিপুরীপাড়ার পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে বুবলী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি এই মিছিলে অর্থের জোগানদাতা এবং নাশকতার নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন। তদন্তে এবং স্থানীয় লোকজনের সাক্ষ্যে ঘটনাস্থলের আশেপাশে অন্যান্য আসামিদের সঙ্গে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
ওইদিন দুপুরে তেজগাঁও এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়। ওই ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তেজগাঁও থানার এসআই এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেছিলেন। শুনানি শেষে আদালত বুবলীকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।