রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুকে জামিন দেননি হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ২৭ এপ্রিল বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ মোজাম্মেল বাবুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। মঙ্গলবার সেই জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আদালত তার জামিন আবেদনটি নাকচ করে দেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মোজাম্মেল বাবু আত্মগোপনে ছিলেন। সেই বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় স্থানীয় জনতা ও পুলিশ তাকে আটক করে। একই সময়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও সেখান থেকে আটক করা হয়েছিল। আটকের পর থেকে মোজাম্মেল বাবু কারাগারেই রয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে বাড্ডা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইতিপূর্বে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়েছিল। আজকের এই আদেশের ফলে তার কারামুক্তি আরও বিলম্বিত হলো।