রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত আর দর্শনার্থী ছুটে আসেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে এই জায়গাটি রূপ নেয় চরম আতঙ্কে।
মাদকবিরোধী অভিযানের নামে তৌহিদী জনতার সদস্য পরিচয়ে মুখে মাস্ক পরা একদল যুবক লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় মাজারের ভক্তদের ওপর। হামলাকারীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি নারীরাও। ভাঙচুর করা হয় মাজারের জিনিসপত্র, এমনকি জিয়ারত করতে আসা মানুষের কাছ থেকে নগদ টাকা লুটেরও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মী।
এই ন্যাক্কারজনক ঘটনায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নারী ভক্ত বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জামায়াত।
এদিকে, মাজারে এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ভক্তরা। শাহ আলী মাজার প্রাঙ্গণে ওলি-আউলিয়া আশেকান পরিষদ ও ভক্তদের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তীব্র নিন্দা জানান কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করলেও ভক্ত ও সাধারণ মানুষের একটাই দাবি এই হামলার পেছনের মূল হোতাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।