রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে, ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন আইনজীবী মো. শোয়েবুজ্জামান।
এদিন শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, স্থানীয় সরকারের জায়গা বরাদ্দের বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না। সিটি করপোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।
স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।