ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলার রায় আজ (বুধবার ১০ জুন) ঘোষণা করবেন আদালত। মামলাটির রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে ব্যভিচারসংক্রান্ত মামলায় প্রথম রায় হিসেবে নজির স্থাপন করতে পারে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ৬ মে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত।
ওইদিন শুনানিতে তাদের (নাসির-তামিমা) সর্বোচ্চ সাজার আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তিনি বিস্তারিত জানতে পারেন।
বাদীর অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। এছাড়া নাসির হোসেন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরের ২৪ ফেব্রুয়ারি তার ও নাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত।
এই মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা।