সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে। সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত কয়েকজনকে মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করতেও দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এ নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।