রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতার চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। সোমবার (১৫ জুন) আদালতের সংশ্লিষ্ট শাখায় তিনি রিটটি দায়ের করেন।
ইউনূছ আলী আকন্দ সংবাদমাধ্যমকে জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ আবেদনের শুনানি করবেন।
তিনি জানান, যে আইনের অধীনে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, ১৯৮২ সালের সেই মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিনেন্সও চ্যালেঞ্জ করা হয়েছে।
তবে হাসপাতালটির পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, রিটের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, এটি সম্পূর্ণভাবে রিটকারীর ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে।
এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, তারা চাইলে ৩০ দিনের মধ্যে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হলো হাইকোর্টে দায়ের করা এই রিটের মাধ্যমে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্য হয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিন। সদ্যজাত এসব শিশুর নামও রাখা হয়নি। ফলে, মৃত শিশুদের তাদের মায়ের নামে চিহ্নিত করা হচ্ছিল।
এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। ঘটনা তদন্তে দ্রুত তিন সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।