জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) রায়ের পর নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। যে তিনটি অভিযোগে আজ ১০ বছর করে তাকে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাড়াতে ও যেসব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। সেই সঙ্গে এই মামলার দুটি চার্জে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তার প্রতি নির্দেশ দেওয়া হয়।
রায় দেওয়া ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘোষণাটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।
এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক শুনানি করেন। অন্যদিকে হাসানুল হক ইনুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়। গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।